নওহাটা পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নওহাটা পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ। টেকসই উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে এই পরিকল্পনাবান্ধব কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায় ওয়ার্ডভিত্তিক অংশীজনরা ফোকাস গ্রুপ ডিসকাশনে অংশ নিয়ে তাঁদের এলাকার উন্নয়ন চাহিদা ও সমস্যা তুলে ধরেন। তারা পানীয় জলের সংকট, ড্রেনেজ ব্যবস্থার ঘাটতি, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা, সড়ক অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা, পরিবেশগত চ্যালেঞ্জ এবং জনসেবামূলক সুবিধার অভাবসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।
অংশীজনরা অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ডের তালিকা প্রস্তুত করে উপস্থাপন করেন, যা ভবিষ্যৎ মাস্টারপ্ল্যানের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হবে। নগর পরিকল্পনাবিদদের তত্ত্বাবধানে অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রণয়নের এই উদ্যোগকে টেকসই নগর উন্নয়নের একটি অগ্রগামী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় জনগণের মতামত প্রতিফলিত হওয়ায় মাস্টারপ্ল্যান হবে আরও বাস্তবসম্মত, কার্যকর ও দীর্ঘমেয়াদী উন্নয়নমুখী।
কর্মশালায় বলা হয়, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হলো টেকসই নগর ব্যবস্থা গঠন এবং সুপরিকল্পিত পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করা। মাস্টারপ্ল্যান একটি দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা, যার মাধ্যমে ভূমি ব্যবহার, ভৌত অবকাঠামো, পরিবেশ ব্যবস্থাপনা, সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের দিকনির্দেশনা একীভূত করে উন্নয়নের একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরি করা হবে।
সভাপতির বক্তব্যে আরাফাত আমান আজিজ বলেন, “নওহাটা পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মতামতের ভিত্তিতে প্রণীত এই পরিকল্পনার ফলে উন্নয়নের সিদ্ধান্ত হবে আরও জনমুখী ও বাস্তবসম্মত।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের মাধ্যমে নওহাটা পৌরসভার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
কর্মশালায় বক্তারা বলেন, মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে নওহাটা পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। নাগরিক সুবিধা বৃদ্ধি, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক উন্নয়ন, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণসহ আধুনিক নগরসেবা বাস্তবায়ন সহজতর হবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন ডেপুটি টিম লিডার শামাউন আল নূর, নগর পরিকল্পনাবিদ মোনিরুজ্জামান আবির, সমন্বয়ক মো. সজিব মিয়া এবং প্রকল্প প্রকৌশলী জাহিরুল ইসলাম মাফী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, হিসাবরক্ষক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পৌর নগর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়, পৌর কর নির্ধারক হাবিবুর রহমান, প্রধান সহকারী নূরুল ইসলামসহ নওহাটা পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
০২!” ডিসেম্বর ২০২৫


