রহনপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে এক পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রহনপুর পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এবং রহনপুর পৌরসভা।
সভায় অংশ নেয় পরামর্শক প্রতিষ্ঠান ডাটা এক্সপার্টস লিমিটেড (Data Experts Ltd.), ডেভ কনসালট্যান্টস লিমিটেড (DevConsultants Ltd.) এবং জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লিমিটেড (GPAD) এর প্রতিনিধি দল।
সভায় সভাপতিত্ব করেন রহনপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক জাকির মুন্সী।
সভা পরিচালনা করেন সিনিয়র নগর পরিকল্পনাবিদ ও ডেপুটি টিম লিডার শামাউন আল নূর, যিনি সভায় রহনপুর পৌরসভার বিভিন্ন জরিপ ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং মাস্টার প্ল্যান প্রণয়নের প্রাথমিক কাঠামো ও দিকনির্দেশনা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর প্রতিনিধিবৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য সরকারি দপ্তরের প্রতিনিধিরা। তাঁরা উপস্থাপিত দিকনির্দেশনা ও জরিপ ফলাফলের ওপর তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন।
সভায় রহনপুর পৌরসভার ভবিষ্যৎ নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে মাস্টার প্ল্যানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, টিএলসিসি (TLCC) সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন এবং পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গঠনমূলক মতামত প্রদান করেন।
তারিখ: ০৭ ডিসেম্বর ২০২৫


