রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ পরিদর্শনে এডিবির প্রতিনিধি দল, নগর উন্নয়ন নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক:
রংপুরের পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নের সম্ভাবনা নিয়ে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর একটি প্রতিনিধি দল। কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সামু ও নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন।
এডিবির প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নেন সেক্টরস ডিপার্টমেন্ট ২-এর ওয়াটার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সেক্টর অফিসের (SD2-WUD) আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ও মিশন লিডার দাওয়া চোকি (Dawa Choki) এবং একই অফিসের সিনিয়র প্রজেক্ট অফিসার (আরবান ইনফ্রাস্ট্রাকচার) এস এ আব্দুল্লাহ আল মামুন (SA Abdullah Al Mamun)।
বৈঠকে রংপুরের মহাপরিকল্পনা, কর্তৃপক্ষের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নগর উন্নয়নে বিভিন্ন সম্ভাবনাময় প্রকল্প এবং সেগুলো বাস্তবায়নে সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়।
রংপুরকে একটি পরিকল্পিত, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার, ৭ অক্টোবর ২০২৬


