জাইকার সহায়তায় রাজউকের টিওডি প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং Japan International Cooperation Agency (JICA)–এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত “Project for Development of Policy and Guidelines for Transit Oriented Development (TOD) along Mass Transit Corridors” প্রকল্পের ৪র্থ সেমিনার আজ রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এবং জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
সেমিনারের শুরুতে প্রকল্প পরিচালক ও নগর পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার প্রকল্পের পটভূমি, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (TOD) গাইডলাইন সরকার কর্তৃক অনুমোদিত হয়ে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
জাইকা পরামর্শক টিম লিডার নোজমি হিশিদা সেমিনারে TOD ধারণা, স্টেশন কেন্দ্রিক পাইলট কেস স্টাডি, জাপানে TOD প্রশিক্ষণ, গাবতলী স্টেশন এলাকার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা এবং Right Conversion Rules-এর খসড়া উপস্থাপন করেন। উত্তরা সেন্টার স্টেশনে রাজউক ও মেট্রো রেল কোম্পানির যৌথ উদ্যোগে প্রথম TOD Development প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিও তুলে ধরা হয়।
ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানজট সমাধানে আরএসটিপি (২০১৬–২০৩৫) অনুযায়ী ছয়টি এমআরটি এবং দুইটি বিআরটি লাইন নির্মাণের পরিকল্পনার প্রেক্ষাপটে TOD ধারণা ড্যাপ (২০২২–২০৩৫) এবং কাঠামোগত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২১ সালে জাইকা ও বাংলাদেশ সরকারের মধ্যে প্রকল্প বিষয়ক Record of Discussion স্বাক্ষরিত হয়। প্রকল্পের উদ্দেশ্য ছিল TOD বাস্তবায়নে নীতিমালা প্রণয়ন এবং দুইটি পাইলট এলাকার মডেল আরবান ডিজাইন প্রস্তুত করা।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “একটি বাসযোগ্য শহর নির্মাণে পরিবর্তন আনতে গেলে বাধা আসবেই। সমালোচনা নয়, বরং সমন্বিতভাবে কাজ করে রাজউকের প্রচেষ্টাকে এগিয়ে নিতে হবে।”
সচিব মোঃ নজরুল ইসলাম বলেন, “রাজউক ও জাইকার সহযোগিতা গত কয়েক বছরে টেকসই নগরায়নের ভিত্তি তৈরি করেছে। টিওডি প্রকল্প নগর পরিকল্পনায় নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”
সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “ড্যাপ টিওডি কাঠামোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত। টিওডি বাস্তবায়নে ভূমি ব্যবহার নীতিমালা ও জোনিং বিধিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প সফল করতে আন্তঃসংস্থা সমন্বয় অপরিহার্য।”
সেমিনারে বিভিন্ন সরকারি সংস্থা, নগর বিশেষজ্ঞ ও পরিবহণ পরিকল্পনাবিদরা উপস্থিত ছিলেন। তাঁরা গাইডলাইন ও পাইলট প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাজউকের টিওডি প্রকল্পের পূর্ববর্তী তিনটি সেমিনার যথাক্রমে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল।


