সুন্দরগঞ্জ পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদাতাঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে এক পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভার মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ও সুন্দরগঞ্জ পৌরসভা।
সভায় অংশগ্রহণ করে পরামর্শক প্রতিষ্ঠান ডাটা এক্সপার্টস প্রাইভেট লিমিটেড (Data Experts Pvt. Ltd.), ডেভ কনসালট্যান্টস লিমিটেড (DevConsultants Ltd.) এবং জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লিমিটেড (GPAD) এর প্রতিনিধি দল।
সভায় সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক ঈফফাত জাহান তুলি।
সভা পরিচালনা করেন সিনিয়র নগর পরিকল্পনাবিদ ও ডেপুটি টিম লিডার শামাউন আল নূর, যিনি সুন্দরগঞ্জ পৌরসভার বিভিন্ন জরিপ ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং মাস্টার প্ল্যান প্রণয়নের প্রাথমিক দিকনির্দেশনা তুলে ধরেন।
এ সময় পরামর্শক দলের পক্ষে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ মোনিরুজ্জামান আবির, সমন্বয়ক মো. সজিব মিয়া, সুন্দরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী হামিদুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর প্রতিনিধিবৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা। তাঁরা উপস্থাপিত তথ্য ও পরিকল্পনাসমূহের ওপর তাঁদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভায় ভবিষ্যৎ নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) পূরণে মাস্টার প্ল্যানের গুরুত্ব নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, টিএলসিসি (TLCC) সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ। তাঁরা পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক মতামত প্রদান করেন।


