আরমানিটোলা, মুগদা ও বাড্ডায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন রাজউক চেয়ারম্যান নকশা দাখিল ও ঝুঁকিপূর্ণ অংশ অপসারণের নির্দেশ

ঢাকা, ২২ নভেম্বর ২০২৫: গত ২১ নভেম্বরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর প্রকৃত অবস্থা যাচাই করতে আজ শনিবার সকাল ১০টা থেকে পুরান ঢাকার আরমানিটোলা, মুগদা এবং বাড্ডা এলাকার বিভিন্ন ভবন সরেজমিন পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। পরিদর্শনের সময় ঝুঁকি মূল্যায়ন, নকশা যাচাই এবং নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
প্রথমে আরমানিটোলায় রেলিং ভেঙে তিনজন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। ভবনের মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে নকশা প্রদানে ব্যর্থ হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং ৭ দিনের মধ্যে ভবনের নকশা রাজউকের কাছে দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি ভবনের ঝুঁকিপূর্ণ অংশ অপসারণেরও নির্দেশ দেওয়া হয়।
পরে মুগদা এলাকায় পার্শ্ববর্তী ভবনের উপর হেলে পড়া একটি ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেন তিনি। সার্বিক ঝুঁকি বিবেচনায় ভবন দুইটির নিচতলায় থাকা দোকানগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ৭ দিনের মধ্যে নকশা দাখিলের নির্দেশ প্রদান করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান খাবারের দোকান ও হোটেলগুলো বন্ধ করার নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান।
বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজের তিনটি ভবনও সরেজমিন ঘুরে দেখেন তিনি। এর মধ্যে দুটি ভবনের কলামে ফাটল শনাক্ত হওয়ায় ভবনগুলোর নকশা দাখিলের নির্দেশ দেওয়া হয় এবং প্রয়োজনীয় হলে ভবন অপসারণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। এ কারণে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শন শেষে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন,
“এই ভূমিকম্প আমাদের জন্য একটি সতর্কবার্তা। এখনই ব্যবস্থা না নিলে সামনে বড় বিপর্যয় ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ ভবনগুলো সিলগালা বা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অপসারণও করা হচ্ছে। সবাই সচেতন না হলে অদূর ভবিষ্যতে আমরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারি।”
আজকের পরিদর্শনে রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


